জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই ওই আদেশের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টন মোড়ে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে শতাধিক নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন, আর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আরও অনেকে সমাবেশস্থলের দিকে আসছেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা।
দলগুলোর পাঁচ দফা দাবি হলো- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
ইসলামি আটটি দলের মধ্যে রয়েছে- জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
thebgbd.com/NA