ঢাকা | বঙ্গাব্দ

প্রেমিকার চোখের লেন্স নিয়ে দ্বন্দ্ব, দোকানিকে কোপাতে এসে আটক প্রেমিক

  • নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০২৬
প্রেমিকার চোখের লেন্স নিয়ে দ্বন্দ্ব, দোকানিকে কোপাতে এসে আটক প্রেমিক ছবি : সংগৃহীত।

প্রেমিকার কন্টাক্ট লেন্স পরিবর্তন করে না দেওয়াকে কেন্দ্র করে বরিশালে এক চশমার দোকানের কর্মচারীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালিয়েছেন এক যুবক। তবে স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় হামলার আগেই তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বরিশাল নগরের ব্যস্ততম সদর রোড এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে সাফিনের প্রেমিকা ওই দোকান থেকে এক জোড়া কন্টাক্ট লেন্স কিনেছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি লেন্স দুটি পরিবর্তন করার জন্য দোকানে আসেন। এ সময় লেন্স পরিবর্তনের নিয়ম ও শর্ত নিয়ে দোকানের কর্মচারী রিপনের সঙ্গে তার কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়।

পুলিশ জানায়, বিষয়টি জানতে পেরে প্রেমিক সাফিন ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে পড়েন। একপর্যায়ে তিনি কোমরে লুকিয়ে রাখা একটি দেশীয় ধারালো দা বের করে কর্মচারী রিপনের ওপর হামলার চেষ্টা চালান। তবে পাশের দোকানের ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ধারালো দাটি উদ্ধার করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

কোতোয়ালী মডেল পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে একটি দেশীয় দা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

thebgbd.com/NA