ঢাকা | বঙ্গাব্দ

ভোট দিতে গিয়ে গ্রেপ্তার হলেন হিরো আলম

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
ভোট দিতে গিয়ে গ্রেপ্তার হলেন হিরো আলম ফাইল ছবি

ফের গ্রেপ্তার হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে তিনি বগুড়া যান। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানার পুলিশ।


বিষয়টি নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গণমাধ্যমকে বলেন, ‘আজ (১৯ ফেব্রুয়ারি) সকালে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হলো।’


এর আগে বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় গত ১০ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলাটির শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।


মামলার এজাহার থেকে জানা যায়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন হিরো আলম। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাতেও বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।


এরপর ১১ ফেব্রুয়ারি হিরো আলম বলেন, ‘আমি এলাকার দিকে রওনা হয়েছি। রাতের মধ্যে এলাকায় চলে যাবো। মামলা তো ভুয়া। নির্বাচনের পর আমি আদালত যাবো। গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও আমি ভোট দিতে যাবো। কারণ ভোট দেয়া আমার নাগরিক অধিকার।’


শেষ পর্যন্ত নিজের এলাকা বগুড়া থেকেই গ্রেপ্তার হলেন তিনি।


thebgbd.com/NIT