দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিদে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এরস্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। রোববার (১১ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
এর আগে গত ৯ জানুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৯৭৯ টাকা। তার আগে ৫ ও ৬ জানুয়ারি দু’দিনে ভরিতে ভালো মনের স্বর্ণের দাম বাড়ানো হয় ৫ হাজার ১৩২ টাকা। অর্থাৎ দুই দফা দাম বাড়ার পর কিছুটা কমে এখন আবার স্বর্ণের দাম বাড়ানো হলো।
এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ৮৭৫ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৭৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
thebgbd.com/NIT