স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নের প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে মেট্রো রেল কর্মীদের পূর্বঘোষিত সর্বাত্মক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্তের জন্য বিশেষ বোর্ড সভার অফিশিয়াল ঘোষণা দেওয়ায় আন্দোলনকারীরা কর্মবিরতি থেকে সরে এসেছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে ডিএমটিসিএল-এর নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ এই কর্মবিরতি পালন শুরু করায় উত্তরা থেকে বিকেল ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।
তবে কর্মীদের কর্মবিরতি স্থগিতের পর মেট্রো স্টেশনগুলো খুলে দেওয়া হয়েছে। আজ রাত ৯টায় উত্তরা থেকে এবং রাত ৯:৪০ মিনিটে শেষ ট্রেন ছাড়বে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড)-এর একটি সূত্র জানিয়েছে, আগামী ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভায় স্বতন্ত্র চাকরিবিধিমালা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এই আশ্বাসের কারণেই আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন।
ডিএমটিসিএল-এর জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলনকারীদের দাবি পূরণ হওয়ার পথে। কিছু প্রক্রিয়াগত বিষয় রয়েছে, যা সরকার বিবেচনা করে দেখছে। তিনি আরও জানান, এমন অবস্থায় আন্দোলন করার যৌক্তিকতা আর নেই, তাই আগামীকাল থেকে সবাইকে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে ডিএমটিসিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে, কিন্তু আন্দোলনকারীরা সে ঘোষণা মানেননি।
thebgbd.com/NA