ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে ঢাকাসহ সারাদেশের সব মোবাইল ফোনের দোকান আজ রোববার (৩০ নভেম্বর) বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে গতকাল শনিবার (৩০ নভেম্বর) রাতে এমবিসিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, একচেটিয়া সিন্ডিকেট নীতি বন্ধ, ন্যায্য করনীতি এবং মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরেও স্থানীয় ব্যবসায়ীরা রাস্তায় নামবেন।
এ বিষয়ে এমবিসিবির সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা বলেন, এনইআইআর ব্যবস্থাপনা সংস্কার করতে হবে। দেশে ১১ ব্যবসায়ী মোবাইল ফোন ব্যবসায় সিন্ডিকেট গড়ে তুলেছেন। আমরা ব্যবসায়ীরা আজ সব দোকান বন্ধ রাখব। সরকার আমাদের দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
thebgbd.com/NA