ঢাকা | বঙ্গাব্দ

পরকালের কথা বললেও, ইহকাল কীভাবে চলবে তা নিয়ে বক্তব্য নেই জামায়াতের : সালাহউদ্দিন আহমেদ

  • নিজস্ব প্রতিবেদক | ০৮ ডিসেম্বর, ২০২৫
পরকালের কথা বললেও, ইহকাল কীভাবে চলবে তা নিয়ে বক্তব্য নেই জামায়াতের : সালাহউদ্দিন আহমেদ ফাইল ছবি

যে দলের কোনো নীতি-আদর্শ নেই, পরিকল্পনা নেই, শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে—তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, তারা শুধু বলছে—তাদের মার্কায় ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে। কিন্তু ইহকালে মানুষ কীভাবে চলবে, সে সম্পর্কে তাদের কোনো বক্তব্য নেই।


ন্যায়ভিত্তিক ও সাম্যের বাংলাদেশ গড়তে গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, কৃষকের উন্নয়নে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। “কৃষক অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে,” মন্তব্য করেন তিনি।


এসময় তিনি নেতাকর্মীদের জ্ঞান ও মেধাভিত্তিক রাজনীতির ওপর জোর দিতে আহ্বান জানান।


অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচনকে ঘিরে জামায়াতে ইসলামী যে প্রচারণা চালাচ্ছে তার সমালোচনা করে বলেন, “কিছু সহজ কথা তারা এমনভাবে বলছে যে সাধারণ মানুষ তা সত্য বলে মনে করছে। বেহেশতের টিকিটের কথা বলছে তারা। জামায়াত যা বলছে তা শুনে দেশের মানুষ কান খাড়া করতেই পারে।”


নেতাকর্মীদের এ বিষয়ে প্রতিউত্তর দেয়ার আহ্বান জানান তিনি।


রিজভী অভিযোগ করেন, ভোটের রাজনীতির জন্য জামায়াত ইউরোপের মধ্যযুগ ফিরিয়ে আনতে চাইছে। তার দাবি, ধর্মের নামে ব্যবসা করার পাশাপাশি মানুষকে বিভ্রান্ত করছে জামায়াতে ইসলামী।


thebgbd.com/NIT