রাশিয়ার ড্রোন নিজেদের আকাশসীমায় প্রবেশের জেরে শনিবার ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করেছে ন্যাটোর সদস্য রাষ্ট্র রোমানিয়া ও পোল্যান্ড। রোমানিয়া জানিয়েছে, তাদের আকাশসীমায় একটি ড্রোন প্রবেশ করেছে। কিয়েভ, ইউক্রেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, প্রতিবেশী ইউক্রেনের অবকাঠামোতে রাশিয়ার হামলার সময় একটি ড্রোন তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শনিবার গভীর রাতে দেশটি দুটি এফ-১৬ যুদ্ধবিমান উড্ডয়ন করে। যুদ্ধবিমানগুলো জাতীয় আকাশসীমায় একটি ড্রোন শনাক্ত করে এবং এটি রাডার থেকে অদৃশ্য হওয়া পর্যন্ত রোমানিয়ার চিলিয়া ভেচে গ্রামের কাছে ট্র্যাক করেছে।
শনিবার, পোল্যান্ড জানিয়েছে, রুশ ড্রোন তাদের সীমান্তের খুব কাছে ইউক্রেনে আঘাত করায় তারা ও তার ন্যাটো মিত্ররা সীমান্তে হেলিকপ্টার ও বিমান মোতায়েন করেছে। ড্রোন হুমকির কারণে পোলিশ সামরিক কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে-এ এক বিবৃতিতে জানায়, আমাদের আকাশসীমায় পোলিশ ও মিত্রদের যুদ্ধবিমান উড়ছে আর স্থলভিত্তিক প্রতিরক্ষা ও রাডার নজরদারি ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
মঙ্গলবার থেকে বুধবার রাতভর প্রায় ২০টি রাশিয়ান ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছে বলে ওয়ারশ জানিয়েছে, পোল্যান্ড ও তার সহযোগী ন্যাটো দেশগুলো সতর্ক অবস্থায় রয়েছে। রাশিয়া পোল্যান্ডকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করলেও, ফ্রান্স, জার্মানি ও সুইডেনসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ প্রতিক্রিয়ায় পোলিশ আকাশসীমা রক্ষায় তাদের সমর্থন বাড়িয়েছে।
সূত্র: এএফপি
এসজেড