ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজায় কূটনীতিক নিয়োগ

পেশাদার কূটনীতিক স্টিভ ফ্যাগিন মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের সঙ্গে কাজ করবেন।
  • অনলাইন ডেস্ক | ২৫ অক্টোবর, ২০২৫
যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গাজায় কূটনীতিক নিয়োগ বিধ্বস্ত গাজা।

যুদ্ধের টেকসই সমাপ্তি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী একটি সংস্থার বেসামরিক নেতৃত্ব হিসেবে শুক্রবার একজন অভিজ্ঞ কূটনীতিককে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের কিরায়াত গ্যাট থেকে এএফপি এ খবর জানায়।


মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পেশাদার কূটনীতিক স্টিভ ফ্যাগিন মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের সঙ্গে কাজ করবেন। তিনি ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর স্থাপিত ‘হাবে’ ইতোমধ্যেই নিযুক্ত সামরিক প্রধান।


যুদ্ধবিধ্বস্ত গাজায় যেকোনো লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ এবং সাহায্য সরবরাহসহ সরবরাহ পরিচালনার জন্য ১৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।


প্রায় ২শ’ মার্কিন সেনাকে একটি ভাড়া করা গুদামে স্থাপিত এই কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে তারা ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলোর সৈন্য, সংযুক্ত আরব আমিরাত, জর্ডানের প্রতিনিধি, জাতিসংঘ এবং সাহায্য গোষ্ঠীর কর্মীদের সঙ্গে কাজ করে।


শুক্রবার গাজা থেকে অল্প দূরত্বে অবস্থিত এই স্থানটি পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং এটিকে একটি ‘ঐতিহাসিক’ উদ্যোগ বলে অভিহিত করেছেন। রুবিও বলেছেন, ‘উত্থান-পতন, মোড়-বাঁক আসবে, তবে আমার মনে হয় অগ্রগতি হচ্ছে। সে সম্পর্কে আমাদের সুস্পষ্ট আশাবাদের অনেক কারণ আছে’।


মধ্যপ্রাচ্যে ফাগিনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০২২ সাল থেকে ইয়েমেনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সম্প্রতি তিন মাস বাগদাদে শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ইয়েমেনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরআগে তিনি সৌদি আরবেও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।


সূত্র: এএফপি


এসজেড