১১ দলীয় জোটে কোনো কোনো সমস্যা নেই এবং আলোচনার মাধ্যমেই সব বিষয় সমাধান করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১১ দলীয় জোটকে কেন্দ্র করেই আসন্ন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনী প্রক্রিয়ার বেশ কয়েকটি ধাপ এখনো বাকি রয়েছে। এই সময়ের মধ্যেই জোটের মধ্যে আলোচনা আরও এগিয়ে যাবে।
তিনি আরও জানান, আসনভিত্তিক আলোচনা ও সমঝোতার বিষয়ে কিছুটা সময় লাগবে। তবে আসন সমঝোতার বিষয়গুলো শিগগিরই স্পষ্ট করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা আলোচনায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, জামায়াতের আমির ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীকে নিজের সন্তানের মতো রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি সমতার ভিত্তিতে রাষ্ট্র বিনির্মাণের কথাও তুলে ধরেছেন তিনি।
thebgbd.com/NIT