ঢাকা | বঙ্গাব্দ

বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের একাংশের বিক্ষোভ

অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার-এর অপসারণসহ কয়েকটি সুনির্দিষ্ট দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ করেছেন কর্মরত কর্মচারীদের একটি দল।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের একাংশের বিক্ষোভ ছবি : সংগৃহীত।

অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার-এর অপসারণসহ কয়েকটি সুনির্দিষ্ট দাবিতে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ করেছেন কর্মরত কর্মচারীদের একটি দল।


আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে কর্মরত কিছুসংখ্যক কর্মচারী একটি মিছিল বের করেন। মিছিলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেয় এবং সেখানে তারা তাদের দাবির পক্ষে স্লোগান দেয়।


বিক্ষোভকারী কর্মচারীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, কর্মচারীদের যৌক্তিক দাবিদাওয়ার বিষয়ে বাধা সৃষ্টির অভিযোগে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ বিভাগের কয়েকজন কর্মকর্তার অপসারণ। নভেম্বরের মধ্যে নতুন বেতন কমিশন বাস্তবায়ন। এছাড়া ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পদের নাম পরিবর্তন করা।


এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর। তিনি সংবাদমাধ্যমকে জানান, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা সোচ্চার থাকবেন।


উল্লেখ্য, এর আগে গত জুন মাসে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে টানা বেশ কিছুদিন বিক্ষোভ করেছিলেন কর্মচারীরা। সেই আন্দোলনের মুখে সরকার পরে অধ্যাদেশটি সংশোধন করেছিল।


thebgbd.com/NA