মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে প্রস্তুত রয়েছেন। তবে, শর্ত হিসেবে তিনি বলেছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সব মিত্রকে রাশিয়ার তেল কেনা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং মস্কোর বিরুদ্ধে তাদের নিজস্ব নিষেধাজ্ঞা বাস্তবায়নে সম্মত হতে হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের অবসান ঘটাতে ন্যাটো মিত্রদের চীনের ওপর ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনারও পরামর্শ দিয়েছেন তিনি।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে লেখেন, ‘রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। তবে তখনই, যখন সব ন্যাটো দেশ একই পদক্ষেপ নিতে রাজি হবে এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করবে।’ ট্রাম্প বলেছেন, যাইহোক, আপনারা যখন এগিয়ে আসবেন তখন আমিও প্রস্তুত থাকবো। শুধু বলুন, সময়টা কখন? তিনি এই পোস্টকে ন্যাটো ও বিশ্বের উদ্দেশে লেখা চিঠি হিসেবেও বর্ণনা করেন।
যুদ্ধ চালানোর জন্য মস্কোর যে রাজস্ব প্রয়োজন, তাতে আঘাত হানতে ট্রাম্প বারবার রাশিয়ার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। গত সপ্তাহে ক্রেমলিন ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালানোর পর তিনি আবারো এই হুমকি দেন। তবে এখন পর্যন্ত তিনি এই হুমকি কার্যকর করতে পারেননি, যা কিয়েভকে হতাশ করেছে।
সূত্র: এএফপি
এসজেড