ঢাকা | বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় বৃত্তি চালুর সিদ্ধান্ত

প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় বৃত্তি চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ সেপ্টেম্বর, ২০২৫
প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় বৃত্তি চালুর সিদ্ধান্ত ছবি : সংগৃহীত।

প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় বৃত্তি চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে সহায়ক হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।


রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


বিধান রঞ্জন পোদ্দার বলেন, বেসরকারি পর্যায়ে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। তারা বিষয়টিকে প্রচারের অংশ হিসেবে ব্যবহার করে। এতে অভিভাবকদের মধ্যেও সরকারি বৃত্তির দাবি তৈরি হয়। ফলে একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি হয়।


তিনি আরও বলেন, প্রাথমিক স্তরের অনেক শিক্ষার্থী অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার থেকে আসে। ঝরে পড়ার অন্যতম প্রধান কারণও অর্থনৈতিক সমস্যা। তাই বৃত্তির মাধ্যমে আর্থিক প্রণোদনা দেওয়া গেলে হাইস্কুল পর্যায় পর্যন্ত তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ হবে। এ কারণেই প্রাথমিক পর্যায়ে পুনরায় বৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


গণশিক্ষা উপদেষ্টা আরও জানান, পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে ৭ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। এখনও ২২ দশমিক ১ শতাংশ মানুষ নিরক্ষর, যারা হয় কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি অথবা প্রাথমিক পর্যায় থেকে ঝরে পড়েছে।


thebgbd.com/NA