সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে এক বিশাল ভূমিধসে ১ হাজারের বেশি মানুষ মারা গেছে। এই অঞ্চল নিয়ন্ত্রণকারী একটি বিদ্রোহী গোষ্ঠী সোমবার রাতে জানায়, সেখানে মাত্র একজন জীবিত আছে। সুদান লিবারেশন মুভমেন্ট/সেনাবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর রোববারের এই প্রাকৃতিক দুর্যোগ মারারা পাহাড়ের তারাসিন গ্রামকে ধ্বংস করে দিয়েছে।
প্রাথমিক তথ্য অনুসারে গ্রামের সকল বাসিন্দার মৃত্যু হয়েছে, যাদের সংখ্যা আনুমানিক এক হাজারেরও বেশি। তাদের মধ্যে মাত্র একজন জীবিত আছে। এতে আরো বলা হয়, ‘বিশাল ও বিধ্বংসী’ ভূমিধসে গ্রামটি সমতল হয়ে গেছে এবং লেবু উৎপাদনের জন্য পরিচিত অঞ্চলটির একটি অংশ ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে। মৃতদের উদ্ধারে সাহায্যের জন্য গোষ্ঠীটি জাতিসংঘ ও অন্যান্য সাহায্য সংস্থার কাছে আবেদন করেছে।
সুদানের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এখন তৃতীয় বছরে পা দিচ্ছে। এটি সুদানকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে। দারফুরের কিছু অংশে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। মার্চ মাসে সেনাবাহিনী রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দারফুরে, বিশেষ করে এল-ফাশারে লড়াই তীব্র আকার ধারণ করেছে।
সূত্র: এএফপি
এসজেড