ঢাকা | বঙ্গাব্দ

রক্ষা পেলেন উরসুলা

জিপিএস নেভিগেশন ব্যবস্থা অচল হয়ে যাওয়ায় কাগজের মানচিত্র দেখে বিমানটি নিরাপদে অবতরণ করাতে বাধ্য হন পাইলট।
  • অনলাইন ডেস্ক | ০১ সেপ্টেম্বর, ২০২৫
রক্ষা পেলেন উরসুলা উরসুলা ভন ডার লিয়েন।

বুলগেরিয়ায় অবতরণের সময় হঠাৎ করেই জিপিএস নেভিগেশন ব্যবস্থা অচল হয়ে পড়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বহনকারী বিমানের। তবে শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন পাইলট। এ ঘটনায় পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ করেছে বুলগেরিয়া ও ইউরোপীয় কমিশন। রোববার (৩১ আগস্ট) বুলগেরিয়ায় প্লোভদিভ বিমানবন্দরে অবতরণের সময় এই ঘটনা ঘটে। 


নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, জিপিএস নেভিগেশন ব্যবস্থা অচল হয়ে যাওয়ায় কাগজের মানচিত্র দেখে বিমানটি নিরাপদে অবতরণ করাতে বাধ্য হন পাইলট।


সোমবার ইউরোপীয় কমিশনের মুখপাত্র আরিয়ান্না পোদেস্তা বলেন, ‘এটি ছিল পরিকল্পিত জিপিএস জ্যামিং। বিমানবন্দরের সংকেত পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা আকাশে চক্কর দেওয়ার পর বিমানটি অবশেষে অবতরণ করে। আমরা বুলগেরিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পেয়েছি, তারা সন্দেহ করছে রাশিয়ার স্পষ্ট হস্তক্ষেপের কারণেই এই ঘটনা ঘটেছে।’


এদিকে বুলগেরীয় কর্তৃপক্ষের অভিযোগ, সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব ইউরোপ ও বাল্টিক সাগর অঞ্চলে জিপিএস সংকেত বিভ্রাট বেড়ে গেছে। এতে সামরিক বাহিনী ছাড়াও সাধারণ বেসামরিক বিমান চলাচলও ঝুঁকিতে পড়ছে।


ইইউ‘র প্রেসিডেন্ট বর্তমানে রাশিয়ার সীমান্তবর্তী ইইউ সদস্য রাষ্ট্রগুলোতে চার দিনের সফরে আছেন, যেখানে তিনি ইইউ দেশগুলোতে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করছেন। এদিকে এ ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন আবারও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।


ইউরোপীয় কমিশন বলেছে, ‘হুমকি এবং ভীতি প্রদর্শন রাশিয়ার শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের একটি নিয়মিত উপাদান’ এবং এই ঘটনা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা এবং ইউক্রেনের প্রতি সমর্থন বৃদ্ধির প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে। সাম্প্রতিক বছরগুলো বাল্টিক সাগর অঞ্চলে স্যাটেলাইট নেভিগেশনে ব্যাঘাত সৃষ্টি হওয়া এক রকম নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ জন্য ইইউ ও তাদের মিত্ররা রাশিয়াকেই দায়ী করছে। 


ইইউর বিমান চলাচল নিরাপত্তা কর্তৃপক্ষ (ইসা) বলেছে, স্যাটেলাইট নেভিগেশনে ব্যাঘাত হলে তা বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করতে পারে। এতে করে ফ্লাইটগুলোর রুট পরিকল্পনাগুলোতে ভুল হচ্ছে এবং রুট সংশোধন করতে হচ্ছে। এ ছাড়া স্ক্রিনে ভুল সতর্ক বার্তা আসছে, যা পাইলটদের বিভ্রান্ত করছে।


সূত্র: বিবিসি, রয়টার্স


এসজেড