ঢাকা | বঙ্গাব্দ

দ্রুতই সীমানা নির্ধারণীর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে: ইসি সচিব

দেশের ৩৩টি জেলার ৮৪টি আসনের প্রাপ্ত আপত্তির ওপর এই শুনানি হয়েছে বলে জানান ইসি সচিবালয়ের কর্মকর্তারা।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ আগস্ট, ২০২৫
দ্রুতই সীমানা নির্ধারণীর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে: ইসি সচিব ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত খসড়া নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) আয়োজিত শুনানি শেষ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে গত ২৩ আগস্ট থেকে আজ বুধবার (২৭ আগস্ট) পর্যন্ত এই শুনানি অনুষ্ঠিত হয়।


দেশের ৩৩টি জেলার ৮৪টি আসনের প্রাপ্ত আপত্তির ওপর এই শুনানি হয়েছে বলে জানান ইসি সচিবালয়ের কর্মকর্তারা।


সোমবার (২৭ আগস্ট) দুপুরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গত ৩০ জুলাই প্রকাশিত খসড়ার ওপর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি জানানোর সময়সীমা ছিল। এই সময়ের মধ্যে ৩৩টি জেলার ৮৪টি আসন সম্পর্কিত মোট ১ হাজার ৮৯৩টি আপত্তি এবং সুপারিশ জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি সুপারিশ ছিল।


ইসি সচিবালয় জানায়, গত চার দিনে ৬৪টি আসনের ওপর শুনানি হয়েছে। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের মতামত তুলে ধরেছেন। উভয় পক্ষের মতামত শোনার পর এখন পাওয়া তথ্যগুলো পর্যালোচনা করছে কমিশন। খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছে ইসি।


ব্রাহ্মণবাড়িয়ায় শুনানি চলাকালীন অপ্রীতিকর ঘটনার বিষয়ে জানতে চাইলে সচিব জানান, এটি ছিল অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক। এ ঘটনায় পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে।


ভবিষ্যৎ কর্মপরিকল্পনা (রোডম্যাপ) সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি চূড়ান্ত করা হয়েছে এবং আগামীকাল (২৮ আগস্ট) বিস্তারিত জানানো হবে।


তিনি আরও বলেন, যেহেতু ৮৪টি আসনের সীমানা নিয়ে আপত্তি জমা পড়েছে, তাই চূড়ান্ত তালিকায় মূলত এই আসনগুলোতেই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যেখানে কোনো আপত্তি নেই, সেখানে হাত দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এছাড়া, তারা কোনো ব্যক্তির পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেয়নি, কারণ এটি তাদের এখতিয়ারের বাইরে বলেও জানান তিনি।


thebgbd.com/NIT