ঢাকা | বঙ্গাব্দ

সুশাসনের জন্য নিরপেক্ষ প্রশাসন অপরিহার্য: রিজভী

  • নিজস্ব প্রতিবেদক | ০২ এপ্রিল, ২০২৬
সুশাসনের জন্য নিরপেক্ষ প্রশাসন অপরিহার্য: রিজভী ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, সুশাসন নিশ্চিত করতে হলে প্রশাসনে নিরপেক্ষতা ও দক্ষতা অপরিহার্য।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, প্রশাসনে নিরপেক্ষতা না থাকলে রাষ্ট্রে বিশৃঙ্খলা, লুটপাট ও অস্থিরতা সৃষ্টি হয়, যা বিদেশি বা আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপের সুযোগ দেয়। তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

স্বাধীনতার ইতিহাসের প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেবল ৯ মাসের যুদ্ধ নয়, এটি দীর্ঘ ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা হয়েছে, তবে প্রকৃত সত্য হলো—এটি বাংলাদেশের মানুষের যুদ্ধ। কৃষক, শ্রমিক, ছাত্র, সেনাবাহিনী, পুলিশ এবং ইপিআরসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নিয়েছিল। তিনি তরুণ প্রজন্মকে ইতিহাস সচেতন হতে ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

রিজভী আরও বলেন, স্বাধীনতা শুধু ভৌগোলিক নয়; নাগরিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, ভোটাধিকার এবং আইনের শাসন নিশ্চিত না হলে স্বাধীনতা পূর্ণ হয় না। ইতিহাসের স্বীকৃতি ও নিরপেক্ষ উপস্থাপনা বিভ্রান্তি কমাবে এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখবে।

thebgbd.com/NIT