ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ লেবাননে আরও ২ শান্তিরক্ষী নিহত

অজ্ঞাত উৎস থেকে সৃষ্ট এক বিস্ফোরণে ইউনিফিলের একটি যানবাহন ধ্বংস হয়েছে এবং দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হয়।
  • অনলাইন ডেস্ক | ৩১ মার্চ, ২০২৬
দক্ষিণ লেবাননে আরও ২ শান্তিরক্ষী নিহত লেবানন।

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে চলমান ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষে গতকাল সোমবার তাদের আরও দুই সদস্য নিহত এবং কযেকজন আহত হয়েছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় প্রাণহানীর ঘটনা। খবর বার্তা সংস্থা এএফপি’র।


লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, অজ্ঞাত উৎস থেকে সৃষ্ট এক বিস্ফোরণে তাদের একটি যানবাহন ধ্বংস হয়েছে এবং দুই ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত হয়। এ ঘটনায় আরও দুই শান্তিরক্ষী আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।


ইউনিফিল জানিয়েছে, সোমবারের এই মৃত্যুর ঘটনায় তারা একটি তদন্ত শুরু করেছে। এর একদিন আগে ইউনিফিলের একটি অবস্থানের কাছে অজানা উৎস থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়ে আরেকজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত এবং আরও তিনজন আহত হয়।


ইসরায়েলের সামরিক বাহিনী আজ মঙ্গলবার জানিয়েছে, তারা দুটি ঘটনাই তদন্ত করছে, যাতে ঘটনার প্রকৃত পরিস্থিতি স্পষ্ট করা যায় এবং সেগুলো হিজবুল্লাহর হামলার কারণে নাকি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কার্যক্রমের ফলে ঘটেছে, তা নির্ধারণের জন্য।


জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া এসব ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে কঠোরভাবে নিন্দা জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘শান্তিরক্ষীদের ঝুঁকির মুখে ফেলার এ সব কার্যক্রম অবশ্যই বন্ধ করতে হবে।’


নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স জানিয়েছে, তারা এই বিষয়ে পরিষদের একটি বৈঠক চাইছে, অন্যদিকে স্পেনও এই প্রাণঘাতী হামলার নিন্দা করেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, ইউনিফিলের কমান্ডারের সঙ্গে ফোনালাপে শান্তিরক্ষা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনাকে নিন্দা জানিয়েছেন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে আলোচনা শুরু করার লক্ষ্যে জোসেফ আউন ধারাবাহিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।


সূত্র: এএফপি


এসজেড