ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল শনিবার জানিয়েছে, তারা তেহরানে নৌ-অস্ত্রের গবেষণা ও উন্নয়নের জন্য ব্যবহৃত একটি উৎপাদন কমপ্লেক্সে হামলা চালিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘আইডিএফ ইরানের শাসকগোষ্ঠীর নৌ-শিল্প সংস্থার সদর দপ্তরে হামলা চালিয়েছে। হামলাটি শুক্রবার থেকে গতকাল শনিবার রাতের মধ্যে চালানো একাধিক হামলার অংশ।
এই সদর দপ্তর নৌযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি, গবেষণা এবং উন্নয়নের জন্য কাজ করে থাকে। যেমন- ভূপৃষ্ঠ ও পানির নিচের যন্ত্রসামগ্রী, চালকসহ ও চালকবিহীন সরঞ্জাম, সেইসাথে ইঞ্জিন ও অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন ধরণের নৌ-অস্ত্রের গবেষণা, উন্নয়ন এবং উৎপাদনের দায়িত্বে রয়েছে। শনিবার সামরিক বাহিনী জানায়, তারা ইরানের সামরিক শিল্পগুলোর ওপর হামলা আরও তীব্র করেছে।
একটি টেলিভিশন ব্রিফিংয়ে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেন, ‘এখন বলতে পারি, কয়েক দিনের মধ্যেই আমরা এই শিল্পের সমস্ত গুরুত্বপূর্ণ অংশের ওপর হামলা সম্পন্ন করবো। আমরা এর বেশিরভাগ সামরিক উৎপাদন ক্ষমতা ধ্বংস করে দেব এবং সেগুলো পুনর্গঠন করতে ইরান শাসকগোষ্ঠীর দীর্ঘ সময় লাগবে।’
সূত্র: এএফপি
এসজেড