ঢাকা | বঙ্গাব্দ

টেস্ট অধিনায়ক হিসেবে কোহলিকে ফেরানোর পরামর্শ

  • নিজস্ব প্রতিবেদক | ২৯ মার্চ, ২০২৬
টেস্ট অধিনায়ক হিসেবে কোহলিকে ফেরানোর পরামর্শ ফাইল ছবি

টেস্ট থেকে বিরাট কোহলির অবসর নেওয়ার এক বছর হতে চলল। গত বছর ইংল্যান্ড সফরের আগে বিদায় বলে দেন তিনি। জাতীয় দলের জার্সিতে একমাত্র যে ফরম্যাটে খেলছেন, সেই ওয়ানডেতে দারুণ ফর্মেই আছেন।


অস্ট্রেলিয়া সিরিজে পরপর দুই ম্যাচে ডাক মারলেও পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ান। শেষ ম্যাচে ৭৪ রান করার পর দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। তিন ম্যাচের সিরিজের যেটায় সেঞ্চুরি করতে পারেননি, সেটাতেও আসে ৬৫। এরপর নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে ৯৩, শেষ ম্যাচে ১২৪।


টেস্ট থেকে অবসর নেওয়ার পর ৯ ওয়ানডেতে একশর বেশি স্ট্রাইকরেটে কোহলি করেছেন ৬১৬ রান। গতকাল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৮ বলে করেছেন ৬৯। এই ফর্ম দেখে তাকে টেস্ট ক্রিকেটে ফেরার আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার আম্বাতি রাইডু।


ক্রিকইনফোর টাইমড আউট শোয়ে রাইডু বলেন, ‘আমার মনে হয় আইপিএলে তার সেরা পারফরম্যান্স এখনও বাকি। আমরা এখন পর্যন্ত যা দেখেছি, সেটা শুধু একটা ট্রেলার মাত্র। তার ফিটনেস কখনওই সমস্যা ছিল না। আমি মনে করি না শারীরিকভাবে সে কখনো সমস্যায় পড়বে; বল মিস করা, বা মাঠে ধীর হয়ে যাওয়ার মতো কিছু। একমাত্র যে জিনিস তাকে পিছিয়ে দিতে পারে, তা হলো তার মানসিক অবস্থা। আমার মনে হয় না সে তার ক্যারিয়ারের শেষের কাছাকাছি কোথাও আছে। আমি এখনো তার মধ্যে পাঁচ থেকে ছয় বছরের মানসম্মত ক্রিকেট দেখতে পাই।’


রাইডু বিসিসিআইকে পরামর্শ দিয়েছেন কোহলিকে যেন নেতৃত্ব দিয়ে ফিরিয়ে আনা হয়। ‘আমি মনে করি তার টেস্ট ক্রিকেটে ফিরে আসা উচিত। আশা করি অধিনায়ক হিসেবে। অন্তত আমার দেখা ভারতীয় ক্রিকেটে সে সেরা লাল বলের অধিনায়ক। তার বর্তমান ব্যাটিং ফর্ম অনুযায়ী, তার না থাকা ভারতীয় ক্রিকেটের জন্য ক্ষতি।’


thebgbd.com/NIT