যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার কথা ও ইরানের তা অস্বীকার করার মধ্যেই মঙ্গলবার ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে তেল আবিবে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং আহত হয়েছে কয়েকজন। এএফপির প্রকাশিত ছবিতে দেখা যায়, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে ভবনের ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে। উদ্ধার কর্মীরা চারটি আলাদা স্থানে অন্তত চার জনকে সহায়তা করছেন। তাদের আঘাত তুলনামূলক হালকা বলে জানা গেছে। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
তেল আবিবের মেয়র রন হুলদাই জানান, অভিজাত এক এলাকায় একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এএফপি’র ভিডিওতে তিনতলা একটি ভবনের সামনের অংশ ছিন্নভিন্ন অবস্থায় দেখা গেছে। কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এটি ক্লাস্টার মিউনিশন ধরনের ক্ষেপণাস্ত্র হতে পারে। এতে তিন থেকে চারটি ওয়ারহেড ছিল। প্রতিটিতে প্রায় ১০০ কেজি বিস্ফোরক বহন করা হচ্ছিল। এর আগে ইরানী গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান দুটি গ্যাস স্থাপনা ও একটি পাইপলাইনে হামলা চালিয়েছে।
সূত্র: এএফপি
এসজেড