ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন বিমান কর্মীদের লাশ গ্রহণে ট্রাম্প

কালো ওভারকোট পরা ট্রাম্প পরিবহন বিমানের পেছন দিক থেকে পতাকায় মোড়ানো কফিন নামানোর সময় স্যালুট জানান।
  • অনলাইন ডেস্ক | ১৯ মার্চ, ২০২৬
মার্কিন বিমান কর্মীদের লাশ গ্রহণে ট্রাম্প বিমানবন্দরে ট্রাম্প।

ইরান যুদ্ধ চলাকালে জ্বালানি সরবরাহকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছয় মার্কিন বিমান কর্মীর লাশ দেশে ফেরার সময় বুধবার উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত শুরুর পর এটি দ্বিতীয়বার, যখন ডেলাওয়ারের ডোভার এয়ার ফোর্স ঘাঁটিতে যান ট্রাম্প। এখানেই নিহত মার্কিন সেনাদের লাশ দেশে ফিরিয়ে আনা হয়। যুক্তরাষ্ট্রের ডোভার থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


ইরাকের পশ্চিমাঞ্চলে গত বৃহস্পতিবার কেসি-১৩৫ বিমানটি বিধ্বস্ত হয়। এতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় ক্ষতিগ্রস্ত আরেকটি বিমান নিরাপদে অবতরণ করে। হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানায়, ‘তাদের সাহস কখনও ভোলা যাবে না।’ পরিবারের অনুরোধে অনুষ্ঠানটি গণমাধ্যমের জন্য বন্ধ রাখা হয়।


হোয়াইট হাউসের প্রকাশিত ছবিতে দেখা যায়, কালো ওভারকোট পরা ট্রাম্প পরিবহন বিমানের পেছন দিক থেকে পতাকায় মোড়ানো কফিন নামানোর সময় স্যালুট জানান। এ সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা ড্যান কেইন ট্রাম্পের সঙ্গে ছিলেন। 


সূত্র: এএফপি


এসজেড