দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে একটি ফিলিস্তিনি পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। অন্যদিকে, ইসরায়েল জানিয়েছে, সেনারা সম্ভাব্য নিরাপত্তা হুমকি দেখেই গুলি চালিয়েছে। রামাল্লাহ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের দল পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় টামমুন শহরে ইসরাইলি সেনাদের গুলিতে গাড়িতে থাকা আহত দুই শিশু ও দুই বয়স্কের লাশ উদ্ধার করেছে। রামাল্লাহ ভিত্তিক ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টামমুনে দখলদার সেনারা গুলি চালানোর পর একই পরিবারের চার জন শহীদ তুর্কি পাবলিক হাসপাতালে ভর্তি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হামলায় নিহতরা হলেন— ৩৭ বছর বয়সী এক পুরুষ, তার ৩৫ বছর বয়সী স্ত্রী এবং পাঁচ ও সাত বছর বয়সী দুই ছেলে। তাদের সকলের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। ইসরায়েলি সেনা ও পুলিশ এক যৌথ বিবৃতিতে জানায়, টামমুনে এক অভিযানের সময় একটি গাড়ি সেনাদের দিকে দ্রুত এগোলে, তারা তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি হিসেবে দেখে গুলি চালায়। ফলে গাড়িতে থাকা চার জন ফিলিস্তিনি নিহত হন।
সূত্র: এএফপি
এসজেড