ঢাকা | বঙ্গাব্দ

বিপিসির নিবন্ধিত গ্রাহকদের সরাসরি জ্বালানি তেল সরবরাহের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০২৬
বিপিসির নিবন্ধিত গ্রাহকদের সরাসরি জ্বালানি তেল সরবরাহের নির্দেশ ছবি : সংগৃহীত।


দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর অধীন বিপণন কম্পানিগুলোকে নিবন্ধিত গ্রাহকদের সরাসরি জ্বালানি তেল সরবরাহের নির্দেশ দিয়েছে। আজ বুধবার বিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানি কার্যক্রম ও সরবরাহ সূচি অনুযায়ী নিয়মিতভাবে জ্বালানির পার্সেল দেশে আনা হচ্ছে। একই সঙ্গে প্রধান স্থাপনা থেকে দেশের বিভিন্ন ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।

এতে আরো বলা হয়, বিপিসির অধীন বিপণন কম্পানিগুলোর নিবন্ধিত গ্রাহকদের কাছে সরাসরি জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বিপিসির অধীন কম্পানিগুলো হলো ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পদ্মা অয়েল কম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কম্পানি লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, এলপি গ্যাস লিমিটেড, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কম্পানি লিমিটেড এবং পেট্রোলিয়াম ট্রান্সমিশন কম্পানি পিএলসি।

thebgbd.com/NA