বিমান হামলায় তেহরানের বিভিন্ন জ্বালানি ডিপো ধ্বংস হয়ে ঘন ধোঁয়ায় রাজধানীর বড় অংশ ঢেকে গেছে। আগুন ছড়িয়ে পড়ার মধ্যে ইরান রোববার নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। তেহরান থেকে এএফপি জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত সপ্তাহে হামলায় নিহত হওয়ার পর তাঁর উত্তরসূরি নির্বাচন করতে দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় পরিষদ বিশেষজ্ঞ সভা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, তবে নতুন নেতার নাম এখনো প্রকাশ করা হয়নি।
এই পরিষদের সদস্য আহমদ আলামোলহোদা ইরানের মেহর সংবাদ সংস্থাকে বলেন, ‘নেতা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে এবং নেতা নির্ধারিত হয়েছে।’ তিনি জানান, পরিষদের সচিবালয় শিগগিরই নতুন নেতার নাম ঘোষণা করবে। পরিষদের আরেক সদস্য ইঙ্গিত দিয়েছেন, নিহত নেতার ছেলে মোজতবা খামেনি এই পদে আসতে পারেন। এদিকে ইসরায়েল সতর্ক করে বলেছে, নতুন নেতা বা তাকে নির্বাচিত করা পরিষদের সদস্যদের লক্ষ্যবস্তু করতেও তারা দ্বিধা করবে না।
জ্বালানি ডিপোতে হামলা
রাতভর অভিযানে তেহরান ও আশপাশে জ্বালানি ডিপোতে হামলা চালানো হয়েছে। এছাড়া লেবাননের রাজধানী বৈরুত-এর একটি হোটেলেও হামলা চালানো হয়, যেখানে ইরানি কমান্ডারদের উপস্থিতির সন্দেহ ছিল। ইরানের বিপ্লবী গার্ড বলেছে, তাদের কাছে এমন মজুদ রয়েছে যাতে তারা মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ছয় মাস পর্যন্ত চালিয়ে যেতে পারে। গার্ড বাহিনীর মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেন, এখন পর্যন্ত ইরান প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে সামনে ‘উন্নত ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হতে পারে।
সূত্র: এএফপি
এসজেড