আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে ঈদযাত্রা সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, সীমিত সময়ে বিপুল সংখ্যক মানুষের এই স্থানান্তর একটি বড় চ্যালেঞ্জ। তবে অতীতের অভিজ্ঞতার আলোকে এবার আরও সুশৃঙ্খল ব্যবস্থাপনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সড়কে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ঈদযাত্রায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন এ বিষয়ে তৎপর থাকবে।
পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের অনৈতিক সুবিধা নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমিতির নামে নিবন্ধিত ফি ছাড়া অন্য কোনো অবৈধ অর্থ আদায় করলে তাৎক্ষণিক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে এসি বাসের ক্ষেত্রে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঈদের আগে যানজট কমাতে পোশাক কারখানার ছুটি ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। আগামী ১৬ মার্চ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার গার্মেন্টস কারখানায় ছুটি দেওয়া হবে।
এ ছাড়া মহাসড়কে অস্থায়ী দোকানপাট, যত্রতত্র পার্কিং এবং থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করবে। ঈদের আগে ও পরে কয়েক দিন পচনশীল দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া ভারী ট্রাক ও লরি চলাচল সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়কের অবস্থা সম্পর্কে মন্ত্রী জানান, ঢাকার প্রবেশপথ ও মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো ঈদের ১০ দিন আগেই সংস্কার সম্পন্ন করতে প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে। টোল প্লাজায় যানজট কমাতে প্রয়োজনে আগাম টিকিট সিস্টেম চালুর প্রস্তাবও বিবেচনা করছে সরকার।
এ ছাড়া নৌপথে সদরঘাটের চাপ কমাতে বসিলা ও কাঞ্চনঘাটে দুটি নতুন অস্থায়ী স্টেশন চালু করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, গার্মেন্টস কর্মীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির বিশেষ বাস প্রস্তুত রাখা হবে। বাস টার্মিনাল ও মহাসড়কে যাত্রী হয়রানি রোধে মোবাইল কোর্টের সংখ্যাও বাড়ানো হয়েছে।
রেলওয়ের লেভেল ক্রসিংগুলোতেও সময় ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্রসিংয়ের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি না হয়।
thebgbd.com/NA