গাজায় ধীরে ধীরে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে মঙ্গলবার একটি ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
গাজায় ত্রাণ প্রবেশের জন্য ব্যবহৃত কেরেম শালোম ক্রসিংটি শনিবার বন্ধ করে দেওয়া হয়। সেদিনই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করে। এর জবাবে তেহরান পাল্টা পদক্ষেপ নেয়। ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয় তদারকির দায়িত্বে থাকা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা সিওজিএটি জানায়, ‘নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে’ ক্রসিং পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিংটি গাজা উপত্যকা, ইসরায়েল ও মিশরের সংযোগস্থলে অবস্থিত। শনিবার ইসরায়েল নিরাপত্তার কারণ দেখিয়ে গাজায় প্রবেশের সব ক্রসিং বন্ধের ঘোষণা দেয়। এর মধ্যে গাজা ও মিশর সীমান্তের রাফাহ ক্রসিংও রয়েছে। রাফাহ ক্রসিং গাজাবাসীর জন্য বাইরের বিশ্বের সঙ্গে একমাত্র সংযোগপথ, যা ইসরায়েলের ভেতর দিয়ে যায় না। হামাসের সঙ্গে যুদ্ধে প্রায় দুই বছর আগে ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত ২ ফেব্রুয়ারি এটি মানুষ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়।
সূত্র: এএফপি
এসজেড