ঢাকা | বঙ্গাব্দ

সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

‘প্রতিরক্ষামূলক’ হামলা চালানোর জন্য যুক্তরাজ্য গতকাল রোববার তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০২ মার্চ, ২০২৬
সাইপ্রাসে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা সাইপ্রাস।

সাইপ্রাসের একটি যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে  ড্রোন হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের বাহিনী সাইপ্রাসে তাদের সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলার জবাব দিচ্ছে বলে জানা গেছে। আজ সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতে সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। সশস্ত্র বাহিনী এ হামলার জবাব দিচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ওই অঞ্চলে আমাদের বাহিনীর সুরক্ষা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং আমাদের সদস্যদের রক্ষায় ঘাঁটি থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।’ এমন এক সময়ে আক্রোতিরি ঘাঁটিতে হামলার খবর এল, যখন ইরানের ক্ষেপণাস্ত্র ও তাদের লঞ্চার ধ্বংস করার লক্ষ্যে ‘প্রতিরক্ষামূলক’ হামলা চালানোর জন্য যুক্তরাজ্য রোববার তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছে।


রয়েল এয়ার ফোর্স আক্রোতিরি ঘাঁটি দক্ষিণ উপকূলীয় শহর লিমাসলের কাছে একটি ব্রিটিশ বিদেশী অঞ্চল। লন্ডন সম্প্রতি ওই এলাকায় ‘রক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে, যার মধ্যে রয়েছে বিমান ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও এফ-৩৫ বিমান।


ব্রিটিশ ঘাঁটিগুলো মার্কিন বাহিনী প্রতিরক্ষামূলক হামলার জন্য ব্যবহার করতে পারে বলে ঘোষণা করার সময়, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জোর দিয়ে বলেন যে ব্রিটেন ‘ইরানের উপর প্রাথমিক হামলায় জড়িত ছিল না এবং আমরা এখন আক্রমণাত্মক পদক্ষেপে যোগ দেব না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছেন, ‘ইরান একটি ধ্বংসাত্মক কৌশল অনুসরণ করছে, তাই আমরা আমাদের মিত্রদের ও ওই অঞ্চলের মানুষের সমষ্টিগত আত্মরক্ষার পক্ষে সমর্থন দিচ্ছি।’


সূত্র: এএফপি


এসজেড