সুষ্ঠু পরিবেশের অভাব ও প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত-সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদ’। রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরের কাছে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
মনোনয়ন প্রত্যাহারের সময় প্যানেলের পক্ষ থেকে দাবি করা হয়, নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই এবং বহিরাগতদের মাধ্যমে তাদের প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চাইলেও গত তিন দিনে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট শাহজাহান মিয়া অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের ওপর বহিরাগতরা হামলা চালায়।
তিনি আরও দাবি করেন, ঘটনার সময় সমিতি ভবনের সিসিটিভি ক্যামেরা রহস্যজনকভাবে বন্ধ রাখা হয়েছিল যাতে হামলার প্রমাণ না থাকে।
বিদ্যমান পরিস্থিতিতে বর্তমান নির্বাচন প্রক্রিয়া বর্জনের ঘোষণা দিয়ে তারা চলমান তফসিল স্থগিত করার দাবি জানান। একইসাথে নতুন করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর জামায়াত-সমর্থিত প্যানেলের মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
thebgbd.com/NA