ঢাকা | বঙ্গাব্দ

পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশ ধরা নিষেধ

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
পদ্মা-মেঘনায় দুই মাস ইলিশ ধরা নিষেধ ছবি : সংগৃহীত।

ইলিশ পোনাসহ (জাটকা) সকল মাছ রক্ষায় দুই মাসের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ৬টি নদী অঞ্চলে সব ধরনের মাছ ধরা বন্ধ। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই দুই মাসের নিষেধাজ্ঞার সময় জেলেদের প্রতি জনে ১৬০ কেজি ভিজিএফের চাল দেওয়া হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে শুরু হয়ে মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা চলবে।


লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিস জানিয়েছে, জেলার ৫২ হাজার জেলের মধ্যে ৪৩ হাজার নিবন্ধিত। মৎস্য কর্মকর্তা মো. মাহামুদুল হাসান চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ডের সমন্বয়ে প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করলে জেল-জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এসময় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত একশ’ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। নদীতে মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ। বরফ মিলগুলোও বন্ধ থাকবে। জেলেদের সচেতন করার জন্য নদী ও উপকূলীয় এলাকায় মাইকিং, পোষ্টারিংসহ প্রচারণা অব্যাহত থাকবে।


জেলেরা আশা প্রকাশ করেছেন, সরকারি বরাদ্দকৃত চাল দ্রুত এবং সঠিকভাবে বিতরণ করা হবে। বরফ মিল মালিকরাও সরকারি সহযোগিতার দাবী করেছেন যাতে এই সময় তাদের লোকসান কমানো যায়। জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভিজিএফের চাল সংক্রান্ত কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


thebgbd.com/NA