ঢাকা | বঙ্গাব্দ

‘জামায়াতকে ৫০টির বেশি আসনে হারিয়ে দেওয়া হয়েছে’

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
‘জামায়াতকে ৫০টির বেশি আসনে হারিয়ে দেওয়া হয়েছে’ ছবি : সংগৃহীত।

নির্বাচনের পরে ভোট গণনা, রেজাল্ট তৈরি করা এবং রেজাল্ট ঘোষণার মধ্যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী অনেক সংসদীয় আসনে এক-দেড় হাজার থেকে পাঁচ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে, এরকম আসনের সংখ্যা হবে পঞ্চাশটির ঊর্ধ্বে।’


তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি, বিধি অনুযায়ী যে নির্বাচনের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেখানেও আমরা আমাদের অভিযোগগুলো নিয়ে যাব এবং সেইসব আসনের ভোটের পুনর্গণনা ও যে অনিয়ম হয়েছে তা নিরপেক্ষ তদন্তের দাবি জানাব।’


আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তনে জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াত সব সময় নিয়মতান্ত্রিক, রাজনৈতিক এবং গঠনমূলক ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ। আমরা কোনো অনিয়মতান্ত্রিক হঠকারী পদ্ধতিতে সহিংসতা, চরমপন্থা কোনো পথকে ইসলামী পথ বলে মনে করি না। আমরা মনে করি, দেশের জনগণ বিগত নির্বাচনে যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করেছিল, আমরাই শুধু বিস্মিত হইনি, এতে দেশের মানুষ বিস্মিত হয়েছে। মিডিয়াও বিস্মিত হয়েছে। যারা শত্রুতা করেছে, তারাও বিস্মিত হয়েছে যে জামায়াতে ইসলামীকে জনগণ এত ভোট দিল! নির্বাচনের দুদিন আগে থেকে রাজধানী থেকে ছুটি নিয়ে যার যার গন্তব্যে যাচ্ছিল, ট্রেনের ছাদে, লঞ্চে, নৌকায়, বাসে কী অভূতপূর্ব দৃশ্য! যা বাংলাদেশে নির্বাচন-পূর্ববর্তী আগে কেউ এমন পরিস্থিতি দেখেনি।’


তিনি আরো বলেন, দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত করে তারা রাজধানী ঢাকা ত্যাগ করেছে নিজের গন্তব্যে যাওয়ার সময়। আর ভোটকেন্দ্রে যেভাবে ভোটারের উপস্থিতি এবং দাঁড়িপাল্লার পক্ষে রায় আমরা দেখতে পারছিলাম, ভোট গণনার সময়ও সারা দেশ থেকে খবর পাওয়া গেছে, একের পর এক আমাদের আসনগুলো থেকে বিজয়ের খবর আসতে থাকল, সব আপনারা জানেন। আর পক্ষান্তরে ষড়যন্ত্রমূলকভাবে মিডিয়ায় ফলাফল বন্ধ করে দিল।’


thebgbd.com/NA