যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, একটি পরমাণু চুক্তি এখন ‘হাতের নাগালে’। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে তিনি বলেন, ‘পারস্পরিক উদ্বেগ দূর করে ও স্বার্থ নিশ্চিত করে এমন এক নজিরবিহীন চুক্তিতে পৌঁছানোর ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে রয়েছে।’
তিনি আরও বলেন, চুক্তিটি ‘হাতের নাগালে আছে, তবে কেবল তখনই তা হতে পারে, যদি কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হয়।’ চলতি মাসের শুরুতে আলোচনা পুনরায় শুরুর পর এটি হবে তৃতীয় দফা বৈঠক। বৃহস্পতিবার জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এ আলোচনা হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোয় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক মোতায়েন করেছেন এবং চুক্তি না হলে হামলা ইরানে চালানোর হুমকি দিয়েছেন। ঠিক এমনই প্রেক্ষাপটে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সূত্র: এএফপি
এসজেড