ঢাকা | বঙ্গাব্দ

সেনা সদস্যের বাড়িতে দফায় দফায় হামলা, আ. লীগ নেতা গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সেনা সদস্যের বাড়িতে দফায় দফায় হামলা, আ. লীগ নেতা গ্রেপ্তার ছবি : সংগৃহীত।

সাভারের আশুলিয়ায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বসতবাড়িতে দফায় দফায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান (৩৭) গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। এর আগে বুধবার রাতে আশুলিয়া থানার উদ্যোগে দক্ষিণ গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার আতিকুর রহমান ধামসোনা ইউনিয়নের দক্ষিণ গাজীরচট শের আলী মার্কেট এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে। তিনি ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. ফজলুল হক ২০০১ সালে দক্ষিণ গাজীরচট এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে অভিযুক্ত আতিকুর রহমান ও তার সহযোগীরা জমি ও বাড়ি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত ৩০ জানুয়ারি সকালে আতিকুর রহমান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়। এ সময় মারধরে ফজলুল হকসহ তার স্ত্রী, মেয়ে ও পুত্রবধূ আহত হন।

এছাড়া হামলাকারীরা বাড়ির চারপাশে স্থাপিত চারটি সিসিটিভি ক্যামেরা, দোকানের সামনে থাকা চারটি বৈদ্যুতিক মিটার এবং একটি সাবমার্সিবল মোটর ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয়। পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারি গভীর রাতে আবারও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।

মামলা দায়েরের পর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আতিকুর রহমানসহ কয়েকজনের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পায় পুলিশ। পরে বুধবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে।

thebgbd.com/NA