ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি দুই দেশের দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসন ব্যবস্থাপনা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে যুক্তরাজ্যের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও মূল্যবোধভিত্তিক সম্পর্ক রয়েছে, যা নতুন নেতৃত্বে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে বলে তিনি আশাবাদী। বিশ্বের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু সংকটের প্রভাব প্রতিরোধ এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এ ছাড়া মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্য সরকারের মানবিক ও আর্থিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চিঠির শেষে দুই দেশের সম্পর্কের ‘পরবর্তী অধ্যায়’ আরও সফল ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
thebgbd.com/NA