ঢাকা | বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে হারেই শেষ আট নিয়ে শঙ্কায় পাকিস্তান

  • নিজস্ব প্রতিবেদক | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতের বিপক্ষে হারেই শেষ আট নিয়ে শঙ্কায় পাকিস্তান পাকিস্তান ক্রিকেট দল।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বারবার এতো আলোচনা হলেও, মাঠের লড়াইয়ে ভারতের কাছে পাত্তাই পায় না পাকিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গেল সেই একই চিত্র। গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে ৬১ রানের বিশাল ব্যবধানে হারে সালমান আগার দল। প্রথম দুই ম্যাচে জয় পেলেও, এই এক ম্যাচ হেরেই এখন সুপার এইটে পাকিস্তানের ওঠা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।


গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান। সেই ম্যাচে যুক্তরাষ্ট্র সমর্থন করবে নামিবিয়াকে। কারণ, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র দুই দলই দুইটি করে ম্যাচ জিতেছে। তবে রান রেটে এগিয়ে যুক্তরাষ্ট্র।  

এদিকে কাগজে কলমে নামিবিয়া যোজন যোজন পিছিয়ে পাকিস্তানের থেকে। তবে চলতি বিশ্বকাপে যেভাবে ছোট দলগুলো লড়াকু পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে পাকিস্তানের জন্য সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে এ কথা বলাই যায়। তার ওপর ভারতের কাছে লজ্জাজনক হারের পর মানসিকভাবেও দুর্বল থাকবেন বাবর-শাহিনরা।


টি-টোয়েন্টী বিশ্বকাপে 'এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ভারত তিন ম্যাচ খেলে তিন জয়ে নিশ্চিত করেছে পরের রাউন্ড। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র ৪ ম্যাচ খেলে দুটি ম্যাচে জিতেছে। ৩ ম্যাচ খেলে পাকিস্তানও জিতেছে দুটি ম্যাচে, তবে সমান ৪ পয়েন্ট নিয়েও রান রেটে তারা পিছিয়ে আছে আমেরিকার চেয়ে।


এটাই আপাতত এশিয়ার পরাশক্তিদের জন্য দুশ্চিন্তার বিষয়। পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে নামিবিয়ার বিপক্ষে। এখনও কোনো জয়ের দেখা না পাওয়া নামিবিয়া সেই ম্যাচে মরন কামড় দিতে মরিয়া থাকবে। অন্যদিকে নেদারল্যান্ডস ও ভারতের ম্যাচ ভারতের জন্য নিয়মরক্ষার হলেও ডাচদের জন্যও আশার আলো সেখানে। ভারতকে হারালে ডাচদের পয়েন্টও হবে ৪। অন্যদিকে, নামিবিয়া জিতলে পাকিস্তানের পয়েন্টও থাকবে ৪। যুক্তরাষ্ট্রের পয়েন্ট তো আগে থেকেই ৪। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দলই পাবে পরের পর্বের টিকিট।


thebgbd.com/NIT