ঢাকা | বঙ্গাব্দ

বয়সের ভার উপেক্ষা করেই ভোট দিলেন প্রবীণরা

  • নিজস্ব প্রতিবেদক | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বয়সের ভার উপেক্ষা করেই ভোট দিলেন প্রবীণরা ছবি : সংগৃহীত।

মারাত্মক অসুস্থ সত্ত্বেও হুইলচেয়ারে চড়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে এলেন ৮৫ বছর বয়সি আবজান বিবি। আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার-১ আসনে দেখা যায় এমন চিত্র। ছেলে কুতুব উদ্দিন ও ছেলের বউ হুইলচেয়ার ঠেলে চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিয়ে আসতে হয়েছে। 

কুতুব উদ্দিন জানান, তার মা ও তিনি সর্বশেষ ২০০৮ সালে ভোট দিতে পেরেছেন। এরপর জাতীয়-স্থানীয় কোনো নির্বাচনেই ভোটকেন্দ্রে গিয়ে ভোট পাননি। যাওয়ার আগেই তাদের ভোট কে বা কারা দিয়ে দিত। এ জন্য চব্বিশের সংসদ নির্বাচনে আর ভোটকেন্দ্রেই যাননি। এবার সুযোগ এসেছে, ভোট দিতে পারবেন বলেই কয়েক দিন থেকে চলাফেরা করতে সম্পুর্ণ অক্ষম ও মারাত্মক অসুস্থ মা আবজান বিবি চেপে ধরেন যে কোনো মূল্যে তাকে ভোট দিতে নিয়ে যেতে হবে। এ জন্য তিনি ও তার স্ত্রী হুইলচেয়ারে ঠেলে মাকে ভোট দিতে কেন্দ্রে নিয়ে আসেন। ভোট দিতে পেরে মা খুব খুশি।

এদিকে, তেমনই একজন সৈয়দপুরের ৯০ বছর বয়সি নাজমা বেগম। শারীরিক অক্ষমতা ও বার্ধক্যজনিত দুর্বলতাকে উপেক্ষা করে সকাল সকাল ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন তিনি। বয়সের ভার, দৃষ্টিশক্তির দুর্বলতা সত্ত্বেও নিজ উদ্যোগে অন্যের কাঁধে ভর করে কেন্দ্রে গিয়ে ভোট দেন নাজমা। 

ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, বিগত ১৭টা বছর ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিলাম। ভোট দেওয়া আমার অধিকার। পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। আমি চাই ভালো মানুষের দ্বারা আবার বাংলাদেশ ‘সোনার বাংলা’ হয়ে উঠুক।   

আজ নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে ভোট দিতে কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন মানুষ। তার মধ্যে অনেকে কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা কেন্দ্রে হাজির হন। কোথাও কোথাও ভোটারের লাইন দীর্ঘ হতে দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরকেও এর মধ্যে ভোট দিতে দেখা গেছে।  

thebgbd.com/NA