ঢাকা | বঙ্গাব্দ

থাইল্যান্ডে গন্ডারের শিং পাচার, গ্রেপ্তার ১

চোরাকারবারিরা প্রায়শই এশিয়ার লাভজনক কালোবাজারে অত্যন্ত মূল্যবান বিপন্ন প্রাণী বিক্রি করে।
  • অনলাইন ডেস্ক | ১০ ফেব্রুয়ারি, ২০২৬
থাইল্যান্ডে গন্ডারের শিং পাচার, গ্রেপ্তার ১ গন্ডারের শিং।

থাই কর্তৃপক্ষ মাংসের ভেতরে ১১ কেজিরও বেশি গন্ডারের শিং পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। দেশটির কর্মকর্তারা আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। ওই ব্যক্তি একটি আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী নেটওয়ার্কের সাথে যুক্ত সন্দেহ করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


জাতীয় উদ্যান, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ বন্যপ্রাণী আমদানির সন্দেহে সোমবার ব্যাংককের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ৩৬ বছর বয়সী ভিয়েতনামী ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে, আটককৃত ওই ব্যক্তি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের লুবুম্বাশি থেকে যাত্রা শুরু করে লাওস-এ যাচ্ছিলেন। তার যাত্রাপথের ট্রানজিট পয়েন্টগুলো ছিল ইথিওপিয়া এবং থাইল্যান্ড। 


বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ একটি পলিস্টাইরিন আইসবক্সের ভেতরে লুকিয়ে রাখা ছয়টি গন্ডারের শিং এবং প্রায় ১২ কেজি অজ্ঞাত মাংস জব্দ করেছে। বিভাগের কর্মকর্তা বলেন, ‘তার লাগেজের এক্স-রে স্ক্যানে কিছু অনিয়ম দেখা যাওয়ায় কর্তৃপক্ষ এটি পরীক্ষা করে।’ 


সাইটস বিভাগের পরিচালক সাদুদী পানপাকদি এএফপিকে বলেন, জব্দ করা শিংগুলোর মূল্য বা সেগুলো লুকানোর জন্য কী ধরণের মাংস ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কর্মকর্তারা নিশ্চিত নন। কর্মকর্তারা জানিয়েছেন, জিনিসপত্রগুলো পরীক্ষার জন্য বন্যপ্রাণী ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। দোষী সাব্যস্ত হলে, সন্দেহভাজন ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ বাত (৩২,০০০ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা হতে পারে।


পাঁচ ধরনের গন্ডার প্রজাতি আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত এবং তাদের শিং বিক্রি নিষিদ্ধ। থাইল্যান্ড ভৌগোলিক অবস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বন্যপ্রাণী পাচারের একটি অন্যতম প্রধান ট্রানজিট হাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। চোরাকারবারিরা প্রায়শই এশিয়ার লাভজনক কালোবাজারে অত্যন্ত মূল্যবান বিপন্ন প্রাণী বিক্রি করে।


সূত্র: এএফপি


এসজেড