বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়ে এ মুহূর্তে ভারতের তিহার কারাগারে রয়েছেন তিনি।
৯ কোটি রুপির দায় থাকায় মামলায় জড়ান রাজপাল। বিশাল পরিমাণ এ অর্থ পরিশোধ করতে না পারায় গত ৪ ফেব্রুয়ারি তাকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দেন ভারতের দিল্লি হাইকোর্ট। কিন্তু রাজপাল আত্মসমর্পণ না করে আইনি লড়াইয়ে হাঁটেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমা নির্মাণের জন্য নেয়া ৫ কোটি রুপি লোন সুদে-আসলে এখন ৯ কোটি রুপির দায় সৃষ্টি করেছে। বিশাল পরিমাণ অর্থ পরিশোধ করতে আদালতে সময় বাড়ানোর আবেদন করেন রাজপাল।
কিন্তু কমেডিয়ানের আবেদন খারিজ করে দেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা আবেদনটি খারিজ করে বলেন, ‘সময় বাড়ানোর পক্ষে কোনো আইনগত যুক্তি নেই।’
তাই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মুহূর্তে তিহার কারাগারে রয়েছেন রাজপাল।
প্রসঙ্গত, অভিনয় গুণ দিয়ে দর্শক হাসিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন রাজপাল যাদব। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’, ‘ফের হেরাফেরি’ ইত্যাদি।
thebgbd.com/NIT