ঢাকা | বঙ্গাব্দ

এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা: তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা: তারেক রহমান ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ইশতেহার ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনায় বলেন, ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা।’


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা শুরু হয়।


ইশতেহারে প্রথমেই রাষ্ট্রব্যবস্থার সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরপর গুরুত্ব দেওয়া হয়েছে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের ওপর।


তারেক রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাই জাতিগঠন ও গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে ‘জুলাই সনদ’ অবশ্যই বাস্তবায়ন করা হবে।


তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রের প্রতিটি খাতে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। গত ১৬ বছরে জবাবদিহিতার অভাবে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না।


ইশতেহার ঘোষণায় তারেক রহমান আরও বলেন, ‘আমি আগেই বলেছি—আই হ্যাভ এ প্ল্যান। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বাংলাদেশকে বর্তমান ও ভবিষ্যতে স্বনির্ভর করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’


তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে দেশের ৪ কোটির বেশি তরুণ এবং কোটি কোটি নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।


ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।


thebgbd.com/NIT