শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে লোক-প্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী প্রক্টরসহ একাধিক শিক্ষক এবং দুই বিভাগের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গির আলম ও অধ্যাপক মো. ওমর ফারুক, লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং প্রভাষক আব্দুল বাসিত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা শুরুর পর থেকেই মাঠে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। একপর্যায়ে স্লেজিংকে কেন্দ্র করে লোক-প্রশাসন বিভাগের খেলোয়াড় এবং বাংলা বিভাগের দর্শকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এ বিষয়ে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. এছাক মিয়া বলেন, “সংঘর্ষের সময় কয়েকজন শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে। এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, ন্যায্যতার ভিত্তিতে তদন্ত করে বিচার করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, দুটি হাসপাতালে চারজন ভর্তি আছেন। এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের আচরণ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। পরিস্থিতি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।
thebgbd.com/NA