গোপালগঞ্জ সদর উপজেলার গ্রামে অন্তর মোল্লা (৩০) নামের এক যুবক গ্রেপ্তারে এলাকায় আনন্দের বন্যা বইছে। ওই যুবকের গ্রেপ্তারে খুশী হয়ে স্থানীয় উলপুর বাজারে মিষ্টি বিতরণ করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা।
আজ বুধবার সকালে গোপালগঞ্জ থানার বৌলতলী তদন্তকেন্দ্র পুলিশ তাকে সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাউতখামার গ্রাম থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অন্তর মোল্লা সদর উপজেলার রাউতখামার গ্রামের মিজান মোল্লার ছেলে। বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৫ আগস্টের পরে অন্তর মোল্লা উলপুর বাজারের ব্যবসায়ী ও আশপাশ এলাকার বাসিন্দাদের অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি করে এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলেছেন। একারণে অন্তর মোল্লার গ্রেপ্তারে উলপুর বাজারের ব্যবসায়ীরা এলাকায় মিষ্টি বিতরণ করেছেন।
উলপুর বাজারের ব্যবসায়ীরা জানায়, অন্তর মোল্লার চাঁদাবাজি, অত্যাচার, নির্যাতনে সাধারন মানুষ আতঙ্কে থেকেছে। ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারেনি। কয়েকদিন আগে ওই চাঁদাবাজ এক সতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার গাড়ি ও কর্মীদের উলপুর বাজারে আটকে মারপিট, গাড়ি ভাংচুর ও টাকা ছিনিয়ে নেয়।
গোপালগঞ্জ থানার এস, আই আবুল কালাম বলেছেন, গ্রেপ্তারকৃত অন্তর মোল্লা গোপালগঞ্জ থানা, যাত্রাবাড়ি থানার একধিক মামলার আসামি। তাকে ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা মামলায় সন্ত্রাস বিরোধী আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
thebgbd.com/NA