ঢাকা | বঙ্গাব্দ

ভেনিজুয়েলায় ১০৪ রাজনৈতিক বন্দির মুক্তি

ফোরো পেনালের পরিচালক আলফ্রেডো রোমেরো এক্স-এ বলেন, বিভিন্ন কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের পরিচয় যাচাই করা হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ২৬ জানুয়ারি, ২০২৬
ভেনিজুয়েলায় ১০৪ রাজনৈতিক বন্দির মুক্তি ভেনিজুয়েলা।

ভেনিজুয়েলায় অন্তত ১০৪ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশটিতে ধীরে ধীরে আটক ব্যক্তিদের মুক্তি প্রক্রিয়া চলার মধ্যে রোববার এই বন্দিদের মুক্তি দেওয়া হলো। বেসরকারি সংস্থা (এনজিও) ফোরো পেনাল এ তথ্য জানিয়েছে।


ফোরো পেনাল সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ‘আজ ভেনিজুয়েলায় রাজনৈতিক বন্দিদের ১০৪ জনের মুক্তির বিষয়টি আমরা যাচাই করেছি।’ এর আগে সংস্থাটি রোববার ৮০ জন রাজনৈতিক বন্দির মুক্তির তথ্য দেয়। ফোরো পেনালের পরিচালক আলফ্রেডো রোমেরো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ বলেন, সারা দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের পরিচয় যাচাই করা হচ্ছে। 


সংস্থাটির আইনজীবী গনজালো হিমিওব বলেন, দিনের প্রথম প্রহরেই প্রাথমিক মুক্তিগুলো ঘটে। তিনি বলেন, ‘এই সংখ্যা এখনো চূড়ান্ত নয়, যাচাই প্রক্রিয়া এগোলে সংখ্যা আরও বাড়তে পারে।’ চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজের সরকার কারাগারে থাকা মাদুরো বিরোধী শত শত বন্দির মধ্যে ‘বড় একটি অংশকে’ মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


সূত্র: এএফপি


এসজেড