ঢাকা | বঙ্গাব্দ

গত ১৫ বছরে বিদ্যুৎ খাতে ৫০ হাজার কোটি টাকার লোকসান

  • নিজস্ব প্রতিবেদক | ২৫ জানুয়ারি, ২০২৬
গত ১৫ বছরে বিদ্যুৎ খাতে ৫০ হাজার কোটি টাকার লোকসান ফাইল ছবি

বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে সরকারের লোকসান হয়েছে ৫০ হাজার কোটি টাকা। এমন তথ্য উঠে আসে জাতীয় কমিটির প্রতিবেদনে। এছাড়া বিদ্যুৎ খাতে ২০ গুণ বেড়েছে ক্যাপাসিটি পেমেন্ট। বিগত সরকার বিদ্যুৎ সংকটকে ঢাল হিসেবে ব্যবহার করে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের এক ক্ষেত্র তৈরি করেছিল। দরপত্রহীন চুক্তি এবং ‘দায়মুক্তি অধ্যাদেশ’ জারি করে এই অপরাধগুলোকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে।

আজ রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন জাতীয় কমিটির প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

সংবাদ সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, বর্তমান বিদ্যুৎ খাতের উচ্চ মূল্য এবং চরম আর্থিক সংকটের কারণ কোনো সাময়িক সমস্যা নয়; বরং দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক ও চুক্তিগত ব্যর্থতা। প্রতিবেদনে উঠে আসা মূল বিষয়গুলো হলো:

বিগত কয়েক বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৪ গুণ বাড়লেও, আশ্চর্যের বিষয় হলো ক্যাপাসিটি পেমেন্ট বেড়েছে প্রায় ২০ গুণ। জ্বালানি নিশ্চিত না করেই যত্রতত্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

প্রতিযোগিতা আইন উপেক্ষা করে জরুরি বিদ্যুৎ সরবরাহ আইনের অপব্যবহার করা হয়েছে। বারবার এই আইনের মেয়াদ বাড়িয়ে অসাধু উপায়ে উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করা হয়েছে।

কোনো প্রকার দরপত্র ছাড়াই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে, যা সরাসরি জাতীয় স্বার্থের পরিপন্থি। মূলত ব্যক্তিস্বার্থ ও বিশেষ মহলের সুবিধার্থেই বিদ্যুৎ খাতের এই বাজার ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, চুক্তির নানা অসংগতি এবং অস্বাভাবিক দাম নির্ধারণের কারণে আজ পুরো বিদ্যুৎ খাত ঝুঁকির মুখে পড়েছে।

thebgbd.com/NIT