ইরানে সরকার বিরোধী গণবিক্ষোভের জেরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের বাহিনীর ‘আঙুল এখন ট্রিগারে’ রয়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান এখনও আলোচনায় আগ্রহী বলে মনে হচ্ছে। প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ধ্বংস করতে গত জুনে ইসরায়েলের চালানো ১২ দিনের যুদ্ধে সমর্থন ও যোগ দেয় ওয়াশিংটন। এরপর থেকে ট্রাম্প বারবার ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক ব্যবস্থার পথ খোলা রাখার কথা বলছেন। বৃহস্পতিবার ট্রাম্প জানান, একটি মার্কিন নৌ-বহর ‘আর্মাডা’ পারস্য উপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা ইরানের ওপর নজর রাখছি। তবে আমি অনাকাঙ্ক্ষিত কিছু দেখতে চাই না, তবুও আমরা তাদের খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।’
এর আগে ট্রাম্প সতর্ক করেন, হামলার কোনো চেষ্টা হলে ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে’। বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ‘তারা যেন কোনো ভুল হিসাব না করে। আমাদের বাহিনী যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত এবং সর্বোচ্চ কমান্ডারের আদেশ পালনে আমাদের আঙুল এখন ট্রিগারে।’ অন্যদিকে, ইরানের জয়েন্ট কমান্ড হেডকোয়ার্টারের প্রধান জেনারেল আলী আবদোল্লাহি আলিয়াবাদি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তাদের সব ঘাঁটি ও স্বার্থ ইরানের সশস্ত্র বাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।
সূত্র: এএফপি
এসজেড