ঢাকা | বঙ্গাব্দ

জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ

জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই অভিযোগ করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২৬
জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ ভয়ভীতির পরিবেশ তৈরি করছে: নাহিদ ছবি : সংগৃহীত।

জনসমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিভ্রান্তিমূলক বক্তব্য ও ভয়ভীতির পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারা থানার পাশে বাঁশতলা সড়কে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই অভিযোগ করেন।



এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি নির্বাচনী পথসভা নিয়ে বাঁশতলা থেকে রামপুরা ব্রিজের দিকে যান তারা।


নাহিদ ইসলাম বলেন, তারা পরিবারতন্ত্র, বৈষম্য ও দুর্নীতিকে ‘না’ বলবেন এবং ইনসাফ, সুশাসন ও প্রকৃত গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলবেন। নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে নিয়ে আসার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।


একইসঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।


এবারের নির্বাচন ১৬ বছরের ‘ফ্যাসিবাদী শাসনের’ পর প্রথম নির্বাচন এবং এটি একটি নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার সুযোগ জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন,গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছে কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, বরং গণতন্ত্র, সাম্য ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য। এবারের নির্বাচন কেবল ক্ষমতার পালাবদলের নয়, বরং রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন।


১০ দলীয় জোট নির্বাচনের মাধ্যমে সংসদে যাবে, সরকার গঠন করবে এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে বলে উল্লেখ করেন তিনি।


এনসিপির এই নেতা বলেন, ‘জনগণের সঙ্গে মিশে কাজ করেছি। এই এলাকার মানুষ আমাকে চেনে।’


ঢাকা-১১ আসনে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, যানজট, গ্যাস ও বিদ্যুৎ-সংকটসহ নানা সমস্যা বিরাজ করছে উল্লেখ করে এগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম।


thebgbd.com/NA