কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে ১২০ কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগ নিশ্চিত করেছে সৌদি আরবের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হিউমেইন’। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সৌদি সরকার এই উদ্যোগ নিয়েছে। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বুধবার এক বিবৃতিতে জানানো হয়, সৌদি ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের সঙ্গে হিউমেইন-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ২৫০ মেগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার গড়ে তোলা হবে। বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তাদের অর্থনীতিকে তেলের ওপর নির্ভরশীলতা থেকে সরিয়ে আনতে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর বড় বাজি ধরেছে। প্রায় ১ ট্রিলিয়ন ডলারের সার্বভৌম তহবিলের সহায়তায় এই প্রতিষ্ঠানটি গত বছরের মে মাসে যাত্রা শুরু করে।
হিউমেইন-এর প্রধান নির্বাহী তারেক আমিন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো বিশ্বমানের এআই ডেটা সেন্টার গড়ে তোলা। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কম্পিউটিং চাহিদা দিন দিন আরও জটিল হচ্ছে, আর আমাদের এই প্রযুক্তির ওপর তারা অনায়াসেই নির্ভর করতে পারবে।’ হিউমেইন এবং সৌদি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড একটি ‘ডেটা সেন্টার ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম’ তৈরির পরিকল্পনা করছে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যুক্ত করে হিউমেইন-এর এআই কৌশলকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া সম্ভব হবে।
সৌদি আরব এবং তাদের প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত, উভয় দেশই বর্তমানে ডেটা সেন্টার এবং এআই সংশ্লিষ্ট বিভিন্ন জেনারেটিভ মডেলে বিপুল অর্থ বিনিয়োগ করছে। নভেম্বরে হিউমেইন মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া’র সঙ্গে একটি অংশীদারিত্বের ঘোষণা দেয়। সে সময় মার্কিন কর্মকর্তারা সৌদি আরবের কাছে উন্নতমানের মাইক্রোচিপস বিক্রির পথ সুগম করে দেন।
সূত্র: এএফপি
এসজেড