ঢাকা | বঙ্গাব্দ

আমির হামজাকে হত্যার হুমকি

কুষ্টিয়া–৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২৬
আমির হামজাকে হত্যার হুমকি ছবি : সংগৃহীত।

কুষ্টিয়া–৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে আমির হামজার পক্ষে তার শ্যালক আবু বক্কর জিডিটি করেন।

এদিকে একই রাতে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে নিজের সব ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত করার ঘোষণা দেন আমির হামজা।

জিডির বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে—এমন কয়েকটি লিংক সংযুক্ত করে শ্যালক আবু বক্কর থানায় জিডি করেছেন। জিডিটি প্রসিকিউশন করে আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করা হবে বলে জানান তিনি।

সম্প্রতি আমির হামজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য রাখেন। এ ঘটনায় কুষ্টিয়া জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি নারীদের পক্ষ থেকে আমির হামজার বিচার দাবিতে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিলও অনুষ্ঠিত হয়।

 তবে আমির হামজা নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন, আলোচিত বক্তৃতাটি ২০২৩ সালের। বক্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য রাখায় কুষ্টিয়া এবং খুলনার আদালতে আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

অপরদিকে আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে মারা যান জেলা জামায়াতের আমির আবুল হাশেম।

এসব ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে সারা দেশে নিজের ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত করেছেন জামায়াতের প্রার্থী আমির হামজা। সোমবার রাতে ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়ে আমির হামজা লিখেছেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসির মাহফিলের সব শিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি।’


thebgbd.com/NA