ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা দেয়ায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলাধীন লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়াকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলাধীন লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি, আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য এবং আদালত অবমাননা করেছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে চলমান মোবাইল কোর্টে বাধা প্রদান ও অসম্মান করে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাইদুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত। তাই সাইদুর রহমান ভূঁইয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) এর (খ) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের লেংগুড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান। ওই সময় সরকারি জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণাধীন অবস্থায় পারভেজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
তবে ভ্রাম্যমাণ আদালতের প্রক্রিয়া চলাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। যেখানে তাকে ‘মোবাইল কোর্ট করতে অনুমতি লাগবে’ এমন কথাও বলতে শোনা যায়।
thebgbd.com/NIT