রাশিয়া ও ইউক্রেন গতকাল শুক্রবার জাপোরিঝঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শেষ অবশিষ্ট ব্যাকআপ বিদ্যুৎ লাইন মেরামতের জন্য স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) গতকাল শুক্রবার তথ্য জানিয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গত ২ জানুয়ারী সামরিক হামলার ফলে ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের কাজ ‘আগামী কয়েকদিনের মধ্যে শুরু হওয়া উচিত। খবর বার্তা সংস্থা এএফপি’র।
আইএইএ’র মহা-পরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, এই অস্থায়ী যুদ্ধবিরতি, আমাদের অপরিহার্য ভূমিকা পালনের ইঙ্গিত দেয়। এটি নিয়ে আমরা চতুর্থবারের মতো আলোচনা করেছি। ভিয়েনা-ভিত্তিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে তাদের দল ‘বিপুল সংখ্যক বিস্ফোরণের শব্দ শুনেছে, যার মধ্যে কয়েকটি ঘটনাস্থলের আশেপাশের অঞ্চলেও শোনা গেছে। গত সপ্তাহে দলটি প্রতিদিন একাধিক বিমান হামলার সতর্কতা জারি করেছে এবং তাদের জানানো হয়েছে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি সামরিক উড়ন্ত বস্তু দেখা গেছে।’
দিনিপার নদীর তীরে অবস্থিত জাপোরিঝঝিয়া ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং ২০২২ সালের মার্চ মাস থেকে কেন্দ্রটি রুশ বাহিনীর দখলে। দখলের পর থেকে এর ছয়টি চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। মস্কো এবং কিয়েভ বারবার একে অপরকে সাইটটিতে আক্রমণ করে পরমাণু বিপর্যয়ের ঝুঁকি নেওয়ার অভিযোগ করেছে।
সূত্র: এএফপি
এসজেড