ঢাকা | বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে ইরানের রাষ্ট্রদূতকে তলব

বার্ন আলোচনায় প্রস্তাব দিয়েছ, তারা বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অবদান রাখতে প্রস্তুত। তবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
  • অনলাইন ডেস্ক | ১৬ জানুয়ারি, ২০২৬
সুইজারল্যান্ডে ইরানের রাষ্ট্রদূতকে তলব সুইজারল্যান্ড

ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় সুইজারল্যান্ড বৃহস্পতিবার বার্নে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


মন্ত্রণালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগ প্রধান মনিকা শমুটজ কিরগোজ আরটিএস পাবলিক ব্রডকাস্টারকে বলেন, এই তলবের মাধ্যমে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত। তিনি বলেন, ‘আমরা ইরানি নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।’ তিনি সুইজারল্যান্ডের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা দৃঢ়ভাবে এবং শক্তভাবে মৃত্যুদণ্ডের যেকোনো রূপের বিরোধিতা করি।’


সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধিত্ব করছে এবং অন্যান্য চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সহযোগিতা করছে। মন্ত্রণালয় এএফপিকে এক ইমেইলে জানিয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলি লারিজানি বুধবার জ্যেষ্ঠ সুইস কূটনীতিক গ্যাব্রিয়েল লিউচিঙ্গারের সঙ্গে ফোনে কথা বলেছেন। বার্ন আলোচনায় প্রস্তাব দিয়েছ, তারা বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে অবদান রাখতে প্রস্তুত। তবে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।


সূত্র: এএফপি


এসজেড